রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ১১৭টি মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করা হয়েছে। হারানো বা চুরি হওয়া মোবাইল ফোনের মালিকদের উদ্ধার করা ফোনগুলোর তালিকার সঙ্গে নিজেদের ফোনের আইএমইআই নম্বর মিলিয়ে দেখার আহ্বান জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহবাগ থানার একটি মামলার তদন্তের অংশ হিসেবে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম বিভিন্ন ব্র্যান্ডের মোট ১১৭টি মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করেছে। উদ্ধারকৃত ফোনগুলোর মধ্যে স্যামসাং, ভিভো, রেডমি, রিয়েলমি, অপো, টেকনো, আইটেল, ইনফিনিক্স, হুয়াওয়ে, আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের ফোন রয়েছে। তালিকায় একাধিক ফোনের আইএমইআই নম্বর দেয়া হয়েছে। কয়েকটি ফোনে আইএমইআই নম্বর নেই বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া একটি লকড আইফোন ১৩ এবং ভাঙা ডিসপ্লে গ্লাসের একটি রিয়েলমি ফোনও তালিকায় রয়েছে।
ডিবি জানিয়েছে, যাদের মোবাইল ফোন হারিয়ে গেছে বা চুরি হয়েছে, তারা প্রকাশিত তালিকায় থাকা আইএমইআই নম্বরের সঙ্গে নিজেদের ফোনের আইএমইআই নম্বর মিলিয়ে দেখতে পারবেন। তালিকায় নিজের হারানো বা চুরি হওয়া ফোন শনাক্ত হলে মালিকানার প্রয়োজনীয় প্রমাণপত্রসহ সংশ্লিষ্ট আদালতে আবেদন করতে হবে। আদালতের আদেশ পাওয়ার পর সেই আদেশের কপি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ফোন ফেরত নেয়া যাবে। এ বিষয়ে যোগাযোগের জন্য ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মনজিল সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। তার যোগাযোগ নম্বর ০১৬৭৬-২৭১৫২৯।
উদ্ধার হওয়া ১১৭টি ফোনের পূর্ণাঙ্গ তালিকা প্রতিটি ফোনের ব্র্যান্ড ও আইএমইআই নম্বর উল্লেখ করা হয়েছে। ফোনের মালিকদের তালিকাটি সতর্কতার সঙ্গে যাচাই করে নিজেদের ফোন শনাক্ত করার অনুরোধ জানিয়েছে ডিবি।
