বরগুনার পাথরঘাটায় সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বেলা ৩টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব ও বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল জানান, আগামী ডিসেম্বরের মধ্যে দেশব্যাপী প্রায় ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করে একটি কেন্দ্রীয় ডেটাবেইজে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, পাথরঘাটা উপজেলায় মোট খানার সংখ্যা ৫০ হাজার ৯৯০টি। উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে প্রথম পর্যায়ে তিনটি ইউনিয়নে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট এলাকার নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি। ইউএনও আরও বলেন, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হচ্ছে।
এর আগে ভার্চুয়াল মাধ্যমে সারা দেশে একযোগে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. জাহিদ হোসেন। তিনি জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য দিতে কোনো ধরনের ফি বা টাকা প্রয়োজন নেই। এ কার্যক্রমের তথ্য সংগ্রহের নামে কেউ টাকা দাবি করে প্রতারণার চেষ্টা করলে জাতীয় জরুরি সেবা নম্বর ১০৯৮-এ কল করার অনুরোধ জানানো হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন হোসেন, আইসিটি কর্মকর্তা চৌধুরী মোহাম্মদ শওকত, মাধ্যমিক একাডেমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, পাথরঘাটা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইরফান আহমেদ সোয়েন এবং পাথরঘাটা উপজেলা বিএনপির মহিলা দলের সভাপতি ইসরাত জাহান শিরিন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন হলে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় তথ্যভান্ডার গড়ে তোলা সহজ হবে।
The post পাথরঘাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত appeared first on ভোরের চেতনা.
