টাঙ্গাইলে ডাকাতির চেষ্টাকালে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। আজ রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মিজান। তার বয়স ৫০ বছর। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের জড়িত থাকার অভিযোগে ৩৪টি মামলা রয়েছে।
টাঙ্গাইলের করটিয়ার ক্ষুদিরামপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোররাত সোয়া ১২টার দিকে একটি সাদা মাইক্রোবাসে পাঁচ থেকে ছয়জন ব্যক্তি গরুবোঝাই একটি পিকআপ ভ্যান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
তারা পিকআপ ভ্যানে থাকা চারজনের মধ্যে তিনজনকে জোর করে নামিয়ে দেয়। চতুর্থ ব্যক্তিকেও নামানোর চেষ্টা করার সময় মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। তবে পুলিশ মিজানকে ধরে ফেলে। বাকিরা মাইক্রোবাসে করে পালিয়ে যায়, জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
এতে আরও জানানো হয়েছে, পুলিশ বাকিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
