অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে মাত্র ৪ রানে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। অধিনায়ক সাদিয়া ইসলাম ও সাদিয়া আক্তারের ঝোড়ো ব্যাটিংয়ে জয়ের সম্ভাবনা জাগলেও শেষ পর্যন্ত লক্ষ্য ছুঁতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
শুক্রবার (১৬ অক্টোবর) পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ফাইনালে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ৭ উইকেটে ১৫৪ রানেই থামে বাংলাদেশের ইনিংস।
১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৪ রানের মধ্যেই বিদায় নেন দুই ওপেনার ময়মুনা নাহের ও আচেনা জান্নাত। ময়মুনা ২ বলে শূন্য এবং আচেনা ৭ বলে কোনো রান না করেই ফেরেন। এরপর ৬ রানে শিরিনা খাতুনের বিদায়ে ২১ রানে তৃতীয় উইকেট হারায় দল।
এ অবস্থায় দলের হাল ধরেন নিশিতা আক্তার নিশি ও অধিনায়ক সাদিয়া ইসলাম। দুজনের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। ৩৩ বলে ৩২ রান করে নিশিতা রানআউট হলে ভাঙে তাদের জুটি।
পরে সাদিয়া আক্তারকে সঙ্গে নিয়ে জয়ের আশা বাঁচিয়ে রাখেন অধিনায়ক সাদিয়া ইসলাম। ৩৬ বলে ৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার ব্যাট থেকে আসে তিনটি চার ও পাঁচটি ছক্কা। অন্যদিকে, সাদিয়া আক্তার ২২ বলে ৩৫ রান করেন, যাতে ছিল একটি চার ও তিনটি ছক্কা।
তবে গুরুত্বপূর্ণ সময়ে এই দুই ব্যাটারের বিদায়ে চাপে পড়ে বাংলাদেশ। শেষ দিকে জয়ের জন্য চেষ্টা চালালেও নির্ধারিত ২০ ওভারে ১৫৪ রানের বেশি করতে পারেনি দলটি। ফলে ৪ রানের জয়ে শিরোপা নিশ্চিত করে শ্রীলঙ্কা।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাকে ভালো সূচনা এনে দেন সানজানা কাভিন্দি ও বিমোক্ষা বালাসুরিয়া। ১৫ বলে ২৩ রান করে বালাসুরিয়া ফিরলেও আক্রমণাত্মক ব্যাটিং অব্যাহত রাখেন কাভিন্দি। ৪৪ বলে ৬৪ রানের ইনিংসে সাতটি চার ও দুটি ছক্কা মারেন তিনি।
কাভিন্দিকে সঙ্গ দেন নেথমি উপেক্ষা ও উমায়াঙ্গনা পেইরিস। উপেক্ষা ২৫ বলে ২২ রান করেন। পেইরিস ২৩ বলে ২৮ রানে অপরাজিত থাকেন। শেষ দিকে দানোদয়া সেউমিনির ১১ বলে ১৫ রানের কার্যকর ইনিংসে ১৫৮ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা।
বাংলাদেশের হয়ে নিশিতা আক্তার নিশি, জান্নাতুল ফেরদৌস, আফরিন মিম ও ফারজানা ইসমিন একটি করে উইকেট নেন।
শ্রীলঙ্কার হয়ে বল হাতে দুটি করে উইকেট নেন চামোদি হেরাথ ও চামুদি প্রাবোদা। দানোদয়া সেউমিনি নেন একটি উইকেট। প্রাবোদা ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে বাংলাদেশের ব্যাটারদের চাপে রাখেন।
ফাইনালে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সানজানা কাভিন্দি। পুরো সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ৩১৬ রান করে সিরিজসেরার পুরস্কারও পেয়েছেন শ্রীলঙ্কার এই ক্রিকেটার।
বিআলো/শিলি