সিলেটের দক্ষিণ সুরমার ফেমাস মার্কেটের একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে সরকারি ভ্যাকসিন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। এ ছাড়া নকল সিগারেট বিক্রির দায়ে একটি মুদি দোকানকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব।
অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে ফেমাস মার্কেটের একাধিক ফার্মেসি ব্যবসায়ী দোকানের শাটার বন্ধ করে পালিয়ে যান। পরে বিভিন্ন ফার্মেসিতে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে মেসার্স জাকির ফার্মেসির গোডাউনে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ ও সরকারি ভ্যাকসিন পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় নকল সিগারেট বিক্রির দায়ে প্রত্যাশা বাজার নামের একটি মুদি দোকানকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব জানান, ফার্মেসির গোডাউনে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভ্যাকসিনসহ বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে, যা অপ্রত্যাশিত। এ ঘটনায় সতর্কতামূলকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ওষুধের দোকানগুলোতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। অভিযানে অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
