নিজস্ব প্রতিবেদক, মোংলা:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মোংলা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ সশরীরে পরিদর্শন করেছেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মনিরুজ্জামান। এ সময় তিনি মন্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে অ্যাডভোকেট মনিরুজ্জামান বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দেশ। এখানে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ উৎসব উদ্যাপন করে আসছে। ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আজ সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে।”
তিনি আরও বলেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে এলাকার সকলের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও মৈত্রী বজায় রাখা অত্যন্ত জরুরি। যেকোনো প্রয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি পূজা মন্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আনন্দঘন পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় তাঁর সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজা উদ্যাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
The post মোংলায় পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন অ্যাডভোকেট মনিরুজ্জামান appeared first on sokalerkhobor24.com.
