পরিবহন মালিকদের বিরোধে কিশোরগঞ্জ–ঢাকা মহাখালী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ হয়ে গেছে। পূর্বঘোষণা ছাড়াই বাস বন্ধ হওয়ায় দুই জেলার বাস টার্মিনালে এসে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা থেকে এবং বিকেল ৫টার দিকে কিশোরগঞ্জ থেকে এ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
পরিবহন মালিকদের একটি সূত্র জানায়, নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর যাত্রীসেবার মান বাড়াতে পুরোনো বাসের পরিবর্তে নতুন বাস চালুর উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে ঢাকার পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা হলে তাঁরাও সম্মতি দেন। পরে কিশোরগঞ্জের মালিকেরা পুরোনো বাস সরিয়ে নতুন বাস চালু করলেও ঢাকার মালিকেরা পুরোনো বাস পরিবর্তন করেননি। উল্টো এ রুটে আরও দুটি বাস যুক্ত করেন তাঁরা।
কিশোরগঞ্জের গাইটাল আন্তজেলা বাস টার্মিনালের যুগ্ম আহ্বায়ক রেজওয়ানুল আলম জোসেফ বলেন, ঢাকা থেকে অনন্যা পরিবহনের নতুন দুটি বাস যুক্ত করার বিষয়ে মালিকদের মধ্যে আলোচনা চলছিল। কিন্তু কোনো সিদ্ধান্ত হওয়ার আগেই বাস দুটি চালু করা হয়। নিয়ম না মেনে একতরফাভাবে বাস চালুর প্রতিবাদে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। দুই পক্ষের মধ্যে সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত এ রুটে বাস চলাচল বন্ধ থাকবে।
এ বিরোধের জেরে ঢাকায় কাউন্টার বন্ধ করে দেওয়া হলে কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়। এ সিদ্ধান্তে অনন্যা পরিবহনের ৫০টি, অনন্যা ক্ল্যাসিকের ৫৭টি, জলসিঁড়ির ১০০টি এবং উজানভাটির ৩০টি বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে কিশোরগঞ্জ থেকে ঢাকার মহাখালী রুটে নিয়মিত যাতায়াতকারী যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, বাস চলাচল বন্ধের বিষয়টি প্রশাসনের জানা আছে। এ নিয়ে পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে কথা হয়েছে। রোববার তাঁদের সঙ্গে বৈঠক করে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, বাস চলাচল বন্ধের সুযোগ নিয়ে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে কিংবা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিবহন মালিকদের বিরোধ দ্রুত নিষ্পত্তি করে বাস চলাচল স্বাভাবিক করার দিকে এখন তাকিয়ে আছেন দুই জেলার যাত্রীরা।
The post কিশোরগঞ্জ–মহাখালী রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ appeared first on ভোরের চেতনা.
