পশ্চিমবঙ্গের কলকাতার চোরবাগান সার্বজনীনের পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনার তদন্ত করতে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ৬ সদস্যের বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিট গঠন করেছে রাজ্য সরকার। জানা গেছে, আগামী তিন মাসের মধ্যে তদন্ত শেষ করে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।
রাজ্য সরকার কর্মরতদের নেতৃত্বে সিট গঠনের আবেদন জানালেও কলকাতা হাইকোর্ট অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন । সেই নির্দেশ মেনে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে সিট গঠন করা হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে রাজ্যটির তরফে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে ছয় সদস্যের সিট গঠন করা হয়েছে। এই দলে আছেন বিপর্যয় মোকাবিলা ও নাগরিক সুরক্ষা দফতরের সচিব, স্পেশাল টাস্ক ফোর্সের ডিজি, আইজি। এছাড়া জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্য, স্বরাষ্ট্র দপ্তরের এক প্রতিনিধি এবং রাজ্য পুলিশের ডিজির প্রতিনিধি।
চোরবাগানে সপ্তমীর সন্ধ্যায় কীভাবে এই বিপর্যয়, মূলত তা খুঁজে বের করাই এই কমিটির মূল দায়িত্ব বলে জানানো হয়েছে। কমিটিকে পুরো ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে বলা হয়েছে। এমন কি কলকাতা পুলিশের ভূমিকা, মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল তাও সিটের তদন্তের আওতায় থাকবে বলে রাজ্যের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, "২ মিনিটের ভুলে চোরবাগানে বিপর্যয় হয়েছে। চোরবাগানের ঘটনা ক্ষমার অযোগ্য।” চোর বাগানের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগামী বছর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
সপ্তমীর সন্ধ্যায় চেয়ারপারসনের দুর্গা পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। ২৫ জন আহত হয়েছেন। কিভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে তার নিয়ে নানা ভাষ্য উঠে এসেছে। থিম পূজার দিকেও আঙ্গুল উঠেছে। সরকার নিযুক্ত কমিটি সব দিকই খতিয়ে দেখবেন।
