ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে উপজেলার হাসাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তিনি হলেন চুয়াডাঙ্গার রুকুনুজ্জামান রঞ্জু (৫৫)। তবে তাৎক্ষণিকভাবে বাকি দুই নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। উদ্ধারকৃত মরদেহগুলো হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এই দুর্ঘটনায় আহত ১৬ জনের নামপরিচয়ও পাওয়া গেছে। তাঁরা হলেন— হৃদয় (৩০), শাহিন আক্তার (৩২), নূর ইসলাম (৫৫), ইমরান (২৭), গিলবাড সরকার (৫৫), তরিকুল ইসলাম (৩৬), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫), অনিফিন (১৭), সন্দীপন বসু (৪০), ইকরাম (৪০), রায়হান (২১), হাসিব (২২), তিশা (২৪) এবং বোরহান উদ্দিন (৫৫)। তাঁরা প্রত্যেকেই চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, ঢাকা ও মাগুরার বিভিন্ন এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার কারণ সম্পর্কে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দর্শনা পরিবহনের বাসটি একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের একটি পানিভর্তি খাদে গিয়ে পড়ে।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা বাসটির ভেতর থেকে ১১ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এ ছাড়া ঘটনাস্থলেই আরও ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এই ভয়াবহ দুর্ঘটনার জন্য দায়ী বেপরোয়া চালকের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
