চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে ফের অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ একাডেমি ও কারাগারসহ সরকারি স্থাপনা নির্মাণের পরিকল্পনায় উচ্ছেদের শঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাদের আশঙ্কা, এসব স্থাপনা নির্মাণ হলে নিজেদের টাকায় কেনা জমি ও বসতভিটা হারাতে পারেন তারা। এ পরিস্থিতির নেপথ্যে ইয়াছিনের ভূমিকা দেখছে পুলিশ।
জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকার নিয়ন্ত্রণ নিয়ে পরিচিত মো. ইয়াছিন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খাতায় শীর্ষ সন্ত্রাসী তিনি। র্যাব সদস্য হত্যা মামলাতেও তাঁর নাম রয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর স্থানীয়দের সঙ্গে কথা বলতে আলীনগর এলাকায় যান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম। তার উপস্থিতিতে নারীসহ একদল বাসিন্দা লিফলেট হাতে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের উত্তপ্ত বাক্যবিনিময় ও ধস্তাধস্তি হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় দেড় মিনিটের একটি ভিডিওতে স্থানীয়দের বলতে শোনা যায়, “নিজের টাকা দিয়ে জায়গা কিনেছি, সেই জায়গা ফেরত চাই।” ভিডিওতে পুলিশ ও বিজিবি সদস্যদের লাঠি হাতে বিক্ষোভকারীদের দিকে এগিয়ে যেতে দেখা যায়। এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এসপি মো. মাসুদ আলম বলেন, ইয়াছিন স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছেন যে সরকারি স্থাপনা নির্মাণ করা হলে তাদের উচ্ছেদ করা হবে। সরকারি প্রয়োজনে ব্যক্তিমালিকানাধীন জমি প্রয়োজন হলে আইন অনুযায়ী অধিগ্রহণ করা হবে। খাসজমির ক্ষেত্রেও সরকারি নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। কাউকে জোর করে উচ্ছেদ করা হবে না বলেও স্থানীয়দের আশ্বস্ত করা হয়েছে।
সরকারি স্থাপনা নির্মাণের পরিকল্পনা নিয়ে ভুল বোঝাবুঝির কারণে স্থানীয়দের একাংশ বিক্ষুব্ধ হয়েছেন বলে জানান এসপি। তাঁর ভাষ্য, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
এর আগে গত ৮ অক্টোবর সচিবালয়ে জঙ্গল সলিমপুরের অবকাঠামো উন্নয়ন নিয়ে এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সেখানে রাজশাহীর সারদার আদলে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠার সিদ্ধান্তের কথা জানান। একই এলাকায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের পরিকল্পনার কথাও বলেন তিনি। এ জন্য ৭২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে বলে জানান মন্ত্রী।
এ ছাড়া সেখানে পুলিশ, বিজিবি, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) স্থাপনা নির্মাণের পরিকল্পনার কথাও জানানো হয়।
The post জঙ্গল সলিমপুরে ফের অশান্তি, ইয়াছিনের ‘হাত’ দেখছে পুলিশ appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
