ভারতের বর্তমান প্রধান ফৌজদারি কার্যবিধি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইনে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।
Published : 17 Oct 2026, 08:12 PM
Updated : 17 Oct 2026, 08:57 PM
দিল্লির এক আদালতের নির্দেশে শর্তসাপেক্ষে মুক্তি পেয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা ও নেতা অভিজিৎ দীপকে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, তাকে ৫০ হাজার রুপির বন্ড জমা দিতে এবং শান্তি বিঘ্নিত না করার মুচলেকায় সই করার নির্দেশ দেয় আদালত। এসব প্রতিশ্রুতি পূরণের পর শনিবার তাকে মুক্তি দেওয়া হয়।
এক হাকিম আদালতে এই শুনানির কিছুক্ষণ পর তিনি দিল্লির মন্দির মার্গ পুলিশ স্টেশন থেকে বের হয়ে আসেন।
আগের দিন শুক্রবার কথিত নির্বাচনী কারচুপির বিরুদ্ধে চলমান প্রতিবাদের অংশ হিসেবে নয়া দিল্লির কনট প্লেসে ‘লহরা দো তেরঙ্গা’ পদযাত্রায় যাওয়ার পরিকল্পনা করার সময় তাকে আটক করা হয়েছিল। ভারতের বর্তমান প্রধান ফৌজদারি কার্যবিধি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইনে শনিবার সকালে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।
মুক্তি পাওয়ার পর দীপকে এক্স এ জানানো প্রথম প্রতিক্রিয়ায় ভারতীয় এক হিন্দি চলচ্চিত্রের একটি ছবি শেয়ার করেন। ওই ছবিতে অভিনেতা শাহরুখ খানকে ২২ বছর পাকিস্তানের কারাগারে বন্দি থাকার পর মুক্তি পেয়ে কাঁদতে দেখা যায়। এই ছবির ক্যাপশনে দীপকে লেখেন, “২৪ ঘণ্টা ওয়াইফাই ও ফোন ছাড়া কারাগারে থাকার পর বেরিয়ে আসার অনুভূতিটা ঠিক যেমন!”
একই দিন হেফাজতে নেওয়া অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকে শনিবার সকালে ছেড়ে দেওয়া হয়।
দীপকের পাশাপাশি অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোর ছিলেন আরেকজন উল্লেখযোগ্য যুবনেত্রী, যাকে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছিল। দিল্লি পুলিশ জানিয়েছে, শনিবার ভোরে নেহা বোরাকে ছেড়ে দেওয়া হয় আর দীপকেকে একজন বিশেষ নির্বাহী হাকিমের সামনে হাজির করা হয়।
পুলিশ আরও জানায়, কনট প্লেসে ‘লহরা দো তেরঙ্গা’প্রতিবাদ মিছিল শুরুর আগে নেহা বোরা ও অভিজিৎ দীপকেকে সতর্কতামূলক হেফাজতে নেওয়া হয়েছিল।
গত সপ্তাহে আটকের পর থেকে সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস বিচার বিভাগের হেফাজতে রয়েছেন। ওই সময় দিল্লির যন্তর মন্তরকে প্রতিবাদস্থল হিসেবে ব্যবহারের অনুমতি বাতিল করা হলেও সেখানে অনধিকার প্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়।
ভোটার তালিকায় অনিয়ম এবং নির্বাচন কমিশনের ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) কর্মসূচির প্রতিবাদে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ।
সিজেপিসহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল, শিক্ষার্থী সংগঠন ও নাগরিক সমাজ ভারতের বিভিন্ন স্থানে এ নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে।
