ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ২৭২ রানের লক্ষ্যে নেমে তানজিদ হাসান তামিম চার মেরে ইনিংস শুরু করলেন। পরের ওভারে আরও দুটি। চতুর্থ ও ষষ্ঠ ওভারে জোড়া বাউন্ডারি হাঁকালেন বাংলাদেশের ওপেনার।
সপ্তম ওভারে সৌম্য সরকারের বিদায়ে ৪৭ রানের জুটিতে ৩০ রান করে অবদান রাখেন তানজিদ। ১৭ বলে ৯ রান করে ব্লেসিং মুজারাবানির শিকার হন সৌম্য। ক্যাচ তুলে দেন স্লিপে। তারপর রানের গতি কিছুটা কমে যায়।
পাওয়ার প্লের শেষ ও দশম ওভারে নিজের প্রথম ছক্কা মারেন তানজিদ। এক বল বিরতি দিয়ে চার। হাফ সেঞ্চুরির খুব কাছে ছিলেন তিনি। কিন্তু নিয়ামহুরির বলে বদলি ফিল্ডার বার্লের ক্যাচ হন। ৪ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তানজিদ। ৩৮ বলে ৯ চার ও ১ ছয়ে ৪৬ রান করেন তিনি।
পাওয়ার প্লেতে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে করেছে ৬৬ রান। নাজমুল হোসেন শান্ত নেমে ৯ বল খেলে মাত্র চার রান করে জিম্বাবুয়ের তৃতীয় শিকার হন। ৬৮ রানে নেই তিন উইকেট।
এর আগে জিম্বাবুয়ে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৭১ রান করে। ব্রেন্ডন টেলরের ৮১ ও ক্রেইগ আর্ভিনের ৯৩ রানে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেয় তারা।
এফএইচএম
