কালবেলা · রাজনীতি
জনমত জরিপে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে পিছিয়ে নেতানিয়াহু
১২/১০/২০২৬

ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চেয়ে বেশি যোগ্য মনে করছেন দেশটির বেশি সংখ্যক ভোটার। রোববার প্রকাশিত এক জনমত জরিপে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের যোগ্যতা নিয়ে প্রশ্নে আইজেনকটের পক্ষে মত দিয়েছেন ৪৩ শতাংশ এবং নেতানিয়াহুর পক্ষে ৩৮ শতাংশ উত্তরদাতা।
তবে জরিপ অনুযায়ী, আগামী ২৭ অক্টোবরের নির্বাচন সামনে রেখে নেতানিয়াহুর নেতৃত্বাধীন রাজনৈতিক জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে পিছিয়ে রয়েছে।
ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান (কেএএন) প্রকাশিত জরিপে ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে আইজেনকটের দল ইয়াশারের ২২টি আসন পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর লিকুদ পার্টি পেতে পারে ২০টি আসন, যা আগের সপ্তাহের জরিপের তুলনায় একটি কম।
নেতানিয়াহুর জোট আগের তুলনায় দুটি আসন বাড়িয়ে ৫৩টিতে পৌঁছাতে পারে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা থেকে আটটি আসন কম থাকবে তাদের।
আইজেনকটের নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য আসনসংখ্যা ৫০। বাকি ১৭টি আসন পেতে পারে জরিপে দুই শিবিরের বাইরে থাকা দলগুলো।
আরব দলগুলোর সম্মিলিতভাবে ১৩টি আসন পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে জয়েন্ট লিস্ট আটটি এবং মানসুর আব্বাসের নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্ট পেতে পারে পাঁচটি আসন।
নেতানিয়াহুর জোটের মধ্যে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের দল জিউইশ পাওয়ার নয়টি, ইউনাইটেড তোরাহ জুডাইজম আটটি এবং শাস সাতটি আসন পেতে পারে। রিলিজিয়াস জায়োনিজম-জেহুত জোটের সম্ভাব্য আসনসংখ্যা পাঁচ।
সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ওফের উইন্টারের নেতৃত্বাধীন আমখা ইসরায়েল চারটি আসন পেতে পারে। আগের জরিপে নির্বাচনী ন্যূনতম ভোটের শর্ত পূরণ করতে না পারলেও এবার দলটি সেই সীমা অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
জরিপে ভোটারদের মধ্যে অনিশ্চয়তার চিত্রও উঠে এসেছে। উত্তরদাতাদের ৩০ শতাংশ জানিয়েছেন, তারা এখনো কোন দলকে ভোট দেবেন তা ঠিক করেননি। আর ২১ শতাংশ ভোট না দেওয়ার কথা বিবেচনা করছেন।
এদিকে নির্বাচনের আগে নেতানিয়াহু ও আইজেনকটের মধ্যে টেলিভিশনে সরাসরি বিতর্ক আয়োজনের পক্ষে মত দিয়েছেন ৫৪ শতাংশ উত্তরদাতা। এমনকি লিকুদকে ভোট দেওয়ার পরিকল্পনা করা উত্তরদাতাদের ৩৮ শতাংশও এ ধরনের বিতর্ক সমর্থন করেছেন।
জরিপের ফলাফল অনুযায়ী, নেতানিয়াহুর জোট কিংবা ইহুদি বিরোধী দলগুলোর জোট; কোনোটিই এককভাবে সরকার গঠনের মতো আসন পাবে বলে ধারণা করা হচ্ছে না।
সূত্র : আনাদোলু এজেন্সি
মূল প্রতিবেদনে যান ↗