সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
তিনি বলেন, চলচ্চিত্রের মান আরও উন্নত করতে হবে। সিনেমা হলগুলো বাঁচাতে সরকার আন্তরিক।
সোমবার (১২ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, হোম থিয়েটার, মোবাইলের জন্য হল বিলুপ্ত হয়ে যাবে এমন শঙ্কার সাথে দ্বিমত করি। হলে সিনেমা দেখার পরিবেশ, আকর্ষণ, আমেজ আলাদা। পৃথিবীর অনেক দেশেই হল, সিনেপ্লেক্স চলছে।
তিনি বলেন, ই টিকেটিং বাস্তবায়ন হয়নি। পৃথিবীর প্রায় সব দেশেই সব সিনেমা হলেই কিন্তু ই টিকেটিং আছে, কাজেই আপনারা এই বিষয়টা খতিয়ে দেখবেন। ই টিকেটিং করতে প্রদর্শক সমিতিকে আন্তরিক হতে হবে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, বিদেশ থেকেই আমদানি করে সবসময় সিনেমা দেখাতে হবে, এটা সঠিক নয়। বিদেশি সিনেমা আনার ক্ষেত্রে ভবিষ্যতে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও এদেশের অর্থনীতির কথা চিন্তা করে প্রযোজক এবং পরিচালকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া যেতে পারে।
তিনি আরও বলেন, নতুন মুখের সন্ধানে কার্যক্রম আবার চালু হয়েছে। এর মাধ্যমে ভালো শিল্পী উঠে আসবে বলে আশা করি।
