শ্বশুরবাড়ি যাওয়া হলো না গার্মেন্টসকর্মী জয়নালের!
কুষ্টিয়ার ভেড়ামারায় হার্ডিঞ্জ ব্রিজের পশ্চিম পাশ থেকে মো. জয়নাল আবেদীন (২৫) নামে এক গার্মেন্টস সুপারভাইজারের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে রেললাইনের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পোড়াদহ রেলওয়ে থানায় নেওয়া হয়।
নিহত জয়নাল আবেদীন পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বাসিন্দা নয়া মিয়ার বড় ছেলে। তিনি গাজীপুরের একটি গার্মেন্টস কারখানায় সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ ৬৮ পাড়া এলাকায় হার্ডিঞ্জ ব্রিজের পশ্চিম পাশে রেললাইনের কাছে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেলওয়ে পুলিশকে বিষয়টি জানায়। পরে পোড়াদহ থেকে রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ভেড়ামারা রেলওয়ে স্টেশন মাস্টার জয়নাল আবেদীন জানান, নিহত ব্যক্তি ঢাকা থেকে খুলনার উদ্দেশে চিত্রা ট্রেনে যাচ্ছিলেন বলে তিনি শুনেছেন। ভেড়ামারা স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি ছিল রাত পৌনে ২টার দিকে।
নিহতের ভাই জাহিদ হাসান জানান, তাঁর ভাই বুধবার সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের কর্মস্থল থেকে বের হন। পরে তিনি ঢাকা থেকে ট্রেনে করে খুলনায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন বলে জানতে পারেন। সেখান থেকে বৃহস্পতিবার বাড়িতে ফেরার কথা ছিল তাঁর। তবে ট্রেনের টিকিট না পাওয়ার কথা তিনি স্ত্রীকে জানিয়েছিলেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে রেলওয়ে পুলিশকে জানান। পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
পোড়াদহ রেলওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ হোসাইন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে রেলওয়ে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেন থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ নিতে পরিবারের সদস্যরা রওনা হয়েছেন।
