আটকের প্রায় ২৪ ঘণ্টা পর মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন। ভারত এর আগে এত বড় কাপুরুষ ও জুলুমবাজ দেখেনি।
শনিবার (১০ অক্টোবর) মুম্বাই থেকে দিল্লি যাওয়ার পথে উড়োজাহাজের ভেতর থেকেই দিল্লি পুলিশের হাতে আটক হন দিপকে। পরে আদালতের নির্দেশে প্রায় ২৪ ঘণ্টা পর তিনি মুক্তি পান।
রবিবার (১১ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দিপকে লিখেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য অস্বস্তির কারণ। এত বড় কাপুরুষ ও জুলুমবাজ এ দেশ আগে কখনো দেখেনি।
এদিকে দিল্লিতে শনিবার ব্যাপক ধরপাকড়ের পরও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রোববারের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে সিজেপি।
শনিবার দিল্লির যন্তর মন্তরে সিজেপির পূর্বঘোষিত বিক্ষোভে যোগ দিতে বেঙ্গালুরু থেকে মুম্বাই হয়ে দিল্লিতে পৌঁছান অভিজিৎ দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। দিল্লি বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজের ভেতর থেকে তাদের তিনজনকে আটক করে পুলিশ। পরে রোববার দিল্লি ক্যান্টনমেন্ট থানায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পর শর্তসাপেক্ষে তাদের মুক্তি দেওয়া হয়।
যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে প্রায় সাত হাজার মানুষকে আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অভিজিৎ দিপকে আটক হওয়ার পর সিজেপির নেতৃত্বের দায়িত্ব পাওয়া অজিঙ্কা শিন্ডে জানিয়েছেন, আন্দোলন থেকে সরে আসার কোনো পরিকল্পনা তাদের নেই। রোববার আবারও যন্তর মন্তরে পৌঁছানোর চেষ্টা করবেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। সূত্র: রয়টার্স
আজকালের খবর/বিএস
