সুনামগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) সুনামগঞ্জ ইউনিটের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, চলমান কার্যক্রমের শক্তি ও ঘাটতি মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট (বিওসিএ) ২.০’ শীর্ষক এ কর্মশালা গত ১১ ও ১২ অক্টোবর সুনামগঞ্জ শহরের কালীবাড়িস্থ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় প্রাতিষ্ঠানিক উন্নয়নের সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
কর্মশালায় প্রশিক্ষকেরা বলেন, বিওসিএ ২.০ পদ্ধতির মাধ্যমে সাংগঠনিক সক্ষমতার বর্তমান অবস্থা পর্যালোচনা করে স্থানীয় পর্যায়ে মানবিক সহায়তা কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব। এ প্রক্রিয়া সুনামগঞ্জ ইউনিটের দুর্যোগ প্রস্তুতি ও জরুরি সাড়াদান কার্যক্রমকে আরও সুসংহত ও টেকসই করতে সহায়তা করবে। সুনামগঞ্জ ইউনিটকে একটি আদর্শ ইউনিটে রূপান্তর করতে এ ধরনের কার্যক্রম জোরদারের বিকল্প নেই বলেও তাঁরা উল্লেখ করেন। রোববার বিকেলে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী কর্মশালার সমাপ্তি হয়।
সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি অ্যাডভোকেট মল্লিক মো. মঈন উদ্দীন আহমেদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. সৈয়দ মোনাওয়ার আলী, অ্যাডভোকেট মো. শামসুর রহমান, মাহবুবুর রহমান পীর, আব্দুস সাত্তার মামুন, ইজাজুল হক চৌধুরী নাসিম এবং ইউনিট কর্মকর্তা কনিকা তালুকদার।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ মেহেদী হাসান ও সাইদুর হাসান শাওন। এতে সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য, ইউনিট পর্যায়ের কর্মকর্তা, আজীবন সদস্য, যুব সদস্য এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের যুব রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
