২৭ অক্টোবর ঢাকা মহানগরীতে আলোচনা সভা এবং ২৮ অক্টোবর সারা দেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বিবৃতিতে বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠার নজিরবিহীন তাণ্ডব ও নৃশংসতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কজনক ও কালো অধ্যায়। সেদিনের নির্মম হত্যাকাণ্ড ও নৈরাজ্যের মধ্য দিয়ে দেশে দীর্ঘ দুই দশকের ফ্যাসিবাদ, গণতন্ত্র হত্যা ও নাগরিক অধিকার হরণের বিষবৃক্ষ রোপিত হয়েছিল।
তিনি বলেন, ঐতিহাসিক এ ঘটনার দুই দশক পূর্ণ হতে চলেছে। অথচ আজও হত্যাকারীদের বিচার হয়নি, যা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। এ পৈশাচিক ও বর্বর হত্যাকাণ্ডে জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবিতে কেন্দ্রীয় সংগঠন দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, ২৭ অক্টোবর ঢাকা মহানগরীতে আলোচনা সভা এবং ২৮ অক্টোবর সারা দেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। এসব কর্মসূচিতে জামায়াতে ইসলামীর নেতারা অংশ নেবেন।
জামায়াতের সব শাখাকে দিবসটি উপলক্ষে ঘোষিত কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কর্মসূচি সফল করতে কৃষক-শ্রমিক, ছাত্র-জনতাসহ দেশের সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির নেতারা।
