কালবেলা · সাধারণ
শসাক্ষেতে পানি সেচ দিতে গিয়ে কৃষকের মৃত্যু
২২/১০/২০২৬

জামালপুরের ইসলামপুর উপজেলায় শসাক্ষেতে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে মনির (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের তেঘরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষক মনির তেঘরিয়া গ্রামের আইজ উদ্দীনের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কৃষক মনির তার নিজ ফসলি জমির শসাক্ষেতে সেচ দেওয়ার জন্য মাঠে যান। সেখানে থাকা বৈদ্যুতিক সেচ পাম্পটি চালু করার সময় অসাবধানতাবশত সেচ মেশিনের বিদ্যুতের তারে তিনি স্পৃষ্ট হন এবং গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরবর্তীতে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক শাহ আলম পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতাল প্রাঙ্গণে পৌঁছে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান জানান, সেচ মেশিনে কাজের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শ হয়ে ওই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗