সংবাদ সংস্থা মুম্বই: ভিডিও গেমের ওপর ভিত্তি করে তৈরি বহুল প্রতীক্ষিত হলিউড ছবি ‘স্ট্রিট ফাইটার’ আগামী ১৬ অক্টোবর, ২০২৬-এ ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। ইংরেজি ছাড়াও হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তিপ্রাপ্ত এই ছবিটিকে ঘিরে ইতিমধ্যেই বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে তুমুল উন্মাদনা তৈরি হয়েছে। আর তার আগেই ছবির জনপ্রিয় চরিত্র ‘ধলসিম’-এর ভূমিকায় অভিনয় করা ভারতীয় অ্যাকশন তারকা বিদ্যুৎ জামওয়াল-কে নিয়ে বড় সার্টিফিকেট দিলেন ছবির পরিচালক কিতাও সাকুরাই। তাঁর মতে, বিদ্যুতের মধ্যে যে খাঁটি ভক্তি ও পারদর্শিতা রয়েছে, তাতে তিনি এই চরিত্রের জন্য একেবারে উপযুক্ত।
তা পরিচালক কিতাও সাকুরাইয়ের চোখে বিদ্যুৎ কেন ‘ধলসিম’? এর আগে ২০২৩ সালে জনপ্রিয় গেম 'টুইস্টেড মেটাল'-এর ছবি পরিচালনা করে গেম-অ্যাডাপ্টেশনের দুনিয়ায় নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন সাকুরাই। ‘স্ট্রিট ফাইটার’-এর ক্ষেত্রেও কাস্টিংয়ের ক্ষেত্রে তিনি অভিনেতা ও চরিত্রের মেলবন্ধনে বিশেষ জোর দিয়েছেন।
বিদ্যুৎ জামওয়ালকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে পরিচালক এক সাক্ষাৎকারে বলেন, “ধলসিমের থেকেও বেশি ধলসিম হয়ে উঠেছেন বিদ্যুৎ! তিনি চরিত্রটিকে একেবারে নিজের মতো করে গড়েপিটে নিয়েছেন এবং তা নিয়ে তাঁর মধ্যে দারুণ গর্ব রয়েছে। তিনি এই চরিত্রে এমন এক বাস্তবতাবোধ ও খাঁটি ভাব ফুটিয়ে তুলেছেন, যা অবিশ্বাস্য।”
https://www.youtube.com/watch?v=OjH_Qfsu904&t=303s
পরিচালক আরও বলেন যে, ভিডিও গেমটিতে চরিত্রটি শুরুতে কিছুটা গতানুগতিক ছাঁচে তৈরি হলেও, তাঁদের মূল উদ্দেশ্য ছিল চরিত্রটিকে আধুনিক ও আরও প্রামাণ্য করে তোলা, যাতে দর্শকেরা তার সঙ্গে নিজেদের একাত্ম করতে পারে। সাকুরাইয়ের স্পষ্ট কথা, “ধলসিম ছাড়া 'স্ট্রিট ফাইটার' হতে পারে না...আর বিদ্যুৎ জামওয়াল? তিনি তাঁর অস্তিত্বের প্রতিটা কণায় ধলসিম! তিনি একজন মার্শাল আর্ট ও যোগসাধনার মাস্টার, যিনি তাঁর সারা জীবন এই প্রাচীন পথ ও ঐতিহ্যকে উৎসর্গ করেছেন।”
চরিত্রটির সঙ্গে নিজের গভীর আত্মিক সংযোগের কথা বলতে গিয়ে বিদ্যুৎ জামওয়াল জানিয়েছেন যে, কৈশোর থেকেই তিনি একপ্রকার এই চরিত্রের জন্যই প্রস্তুতি নিচ্ছিলেন। অভিনেতার কথায়, “আমি তিন বছর বয়স থেকেই মার্শাল আর্ট প্রশিক্ষণ নিচ্ছি, তাই মনে হয় সারাজীবন ধরে আমি যেন এই চরিত্রটাই করার জন্যই তৈরি হয়েছি।" উল্লেখ্য, কিতাও সাকুরাই এর আগে ‘বিফ’, ‘বাটারফ্লাই’ এবং ‘ডেভ’-এর মতো প্রশংসিত প্রজেক্ট পরিচালনা করেছেন।
প্যারামাউন্ট পিকচার্স-এর প্রযোজনায় তৈরি এই অ্যাকশন-প্যাকড ছবি বক্স অফিসে কতটা ঝড় তোলে, এখন তারই অপেক্ষায় জনতামহল।
