প্যারা এশিয়াডে ভারতীয় দলছবি: X/DDNewslive
Published on
:
2 min read
প্যারা এশিয়ান গেমসে দেশের হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরল ভারতীয় দল। জাপানের আইচি-নাগোয়ায় বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠল পঞ্চম এশিয়ান প্যারা গেমস ২০২৬-এর। রবিবার, ১৮ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের অ্যাথলিটদের গায়ে শোভা পাওয়া আনুষ্ঠানিক পোশাক মুহূর্তের মধ্যে গোটা বিশ্বের নজর কেড়ে নেয়। প্রাচীন সিন্ধু সভ্যতার (Indus Valley Civilisation) অমর স্থাপত্য ও নিদর্শনকে আধুনিক ফ্যাশনের মাধ্যমে এই পোশাকে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
ব্লেজ়ারে সিন্ধু সভ্যতার স্মারক
মার্চ পাস্টের সময় ভারতীয় দলের অ্যাথলিট ও আধিকারিকদের পরনে ছিল রাজকীয় গাঢ় নীল রঙের ব্লেজ়ার। সেই ব্লেজারে সোনালী সুতোর বুননে ফুটিয়ে তোলা হয়েছিল সিন্ধু সভ্যতার সবচেয়ে জনপ্রিয় ও ঐতিহাসিক স্মারক—মহেঞ্জোদারোর ‘পুরোহিত রাজা’ (Priest-King) এবং বিশ্বখ্যাত ব্রোঞ্জের ‘ড্যান্সিং গার্ল’ (নাচের ভঙ্গিমায় থাকা নারীমূর্তি)-এর নকশা। একই সঙ্গে ব্লেজারের গায়ে ছড়িয়ে ছিল প্রাচীন সিন্ধু সিলমোহরের সাংকেতিক হরফ ও চিহ্ন। ব্লেজারের বুকের পকেটে ভারতের জাতীয় পতাকা তেরঙা এবং কলারের সূক্ষ্ম কারুকার্যে ফুটিয়ে তোলা হয়েছিল প্রাচীন সাত নদীর উপত্যকা ‘সপ্তসিন্ধু’র ঐতিহ্য। প্রাচীন ঐতিহ্যের এই অভিনব প্রদর্শন বিশ্ব ক্রীড়ামহলে ভারতের সংস্কৃতির এক নতুন পরিচয় তুলে ধরে।
শেষ মুহূর্তে পতাকাবাহকের নামে বদল
এদিন নাগোয়ার স্টেডিয়ামে ভারতীয় দলের নেতৃত্ব দেন প্যারা-ব্যাডমিন্টনের বিশ্বচ্যাম্পিয়ন প্রমোদ ভগত এবং তারকা প্যারা-স্প্রিন্টার সিমরন শর্মা। আগে ঘোষণা করা হয়েছিল টেবিল টেনিস তারকা ভাবিনা প্যাটেল পতাকা বহন করবেন। কিন্তু শেষ মুহূর্তে টুর্নামেন্টের গুরুত্ব বিবেচনা করে এই পরিবর্তন আনা হয়। ১৯ অক্টোবর সোমবারই প্যারা-টেবিল টেনিসের সেমিফাইনালে ওঠার মরণবাঁচন কোয়ার্টার ফাইনাল ম্যাচ রয়েছে ভাবিনার। উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যুতে যাওয়া-আসা এবং অপেক্ষা মিলিয়ে প্রায় ছয় ঘণ্টা লাগার কথা ছিল। একজন হুইলচেয়ার অ্যাথলিটের পক্ষে ম্যাচের আগের দিন এমন দীর্ঘ ক্লান্তি মারাত্মক হতে পারত। তাই টিম ম্যানেজমেন্ট ভাবিনাকে হোটেলে বিশ্রামে রেখে সিমরন শর্মাকে পতাকাবাহক করেন। প্যারা-অ্যাথলেটিক্সের প্রধান কোচ সত্যনারায়ণ বলেন, ‘খেলোয়াড়দের স্বাচ্ছন্দ্য ও পদক জয়ের লক্ষ্যই আমাদের কাছে সবার আগে।’
১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলা এই পঞ্চম এশিয়ান প্যারা গেমসে ‘ইমাজিন ওয়ান হার্ট’ স্লোগানকে সামনে রেখে ৪৫টি দেশের প্রায় তিন হাজার অ্যাথলিট অংশ নিচ্ছেন। ভারতের পক্ষ থেকে ২৮১ সদস্যের একটি বিশাল প্রতিনিধি দল পাঠানো হয়েছে, যেখানে রয়েছেন ১৬৮ জন প্যারা-অ্যাথলিট (১১২ জন পুরুষ ও ৫৬ জন মহিলা)। মোট ১১টি ডিসিপ্লিনে নিজেদের সেরাটা দিয়ে পদক তালিকায় ইতিহাস গড়তে মুখিয়ে রয়েছেন ভারতের অ্যাথলিটরা।
