যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানায়নি এসআরবি।
এর আগে গত ১০ অক্টোবর প্রশ্ন ফাঁসের অভিযোগে ঢাকা শহরের বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট নিয়োগ পরীক্ষাটি স্থগিত করে ১৬ অক্টোবর নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করে যুব উন্নয়ন অধিদপ্তর।
এদিকে প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্তে গত শনিবারই পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে কমিটির প্রধান করা হয়। তবে এখনো তদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি।
যুব উন্নয়ন অধিদপ্তরের এ নিয়োগে ২৪২টি পদের বিপরীতে প্রায় তিন লাখ চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। বিপুলসংখ্যক প্রার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এ নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ চাকরিপ্রার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করে।
The post যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৫ appeared first on ভোরের চেতনা.
