আজকাল ওয়েবডেস্ক: আর্মি ইন্টেলিজেন্সের গোপন তথ্যের ভিত্তিতে মুর্শিদাবাদ পুলিশের বড়সড় অভিযান। ভুয়ো সেনা আধিকারিক পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেন এক যুবক। ধৃতের নাম তরুণ দাস।
তাঁর বাড়ি সাগরদিঘি থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত নিজেকে ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল এবং মিলিটারি ইন্টেলিজেন্সের আধিকারিক বলে পরিচয় দিয়েছিলেন।
তাঁর বিরুদ্ধে অভিযোগ, সেনাবাহিনীর পোশাক ও ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে প্রভাব বিস্তার করেছিলেন তিনি। এমনকী, সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগও উঠেছে ওই ভুয়ো অফিসারের বিরুদ্ধে।
অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি একটি গাড়িও উদ্ধার করা হয়েছে। ওই গাড়ির গায়ে ‘ভারত সরকার’ স্টিকার লাগানো ছিল। এছাড়াও, উদ্ধার করা হয়েছে তিনটি ওয়াকিটকি, একাধিক মোবাইল ফোন, ভুয়ো পরিচয়পত্র, কিছু সন্দেহজনক নথিপত্র, নগদ টাকা এবং আরও বেশ কিছু সামগ্রী।
সূত্রের খবর, বেশ কয়েক দিন ধরেই অভিযুক্তের গতিবিধির উপর নজর রাখছিলেন কলকাতা আর্মি ইন্টেলিজেন্স বিভাগের অফিসাররা। এরপর মুর্শিদাবাদের একটি চেকপোস্টে তল্লাশির সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
সূত্রের খবর, সেনাবাহিনী প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, বাড়ি থেকে বেরোনোর সময়ই সেনাবাহিনীর পোশাক পরে নিতেন অভিযুক্ত। নিজেকে প্রকৃত সেনা আধিকারিক হিসেবে তুলে ধরাই ছিল প্রধান উদ্দেশ্য।
https://youtu.be/JwFdq_tA9cE?si=CcviVJ8pZrhnzdBj
তবে এই প্রতারণার সঙ্গে আর কেউ জড়িত কিনা, কতজন ওই যুবকের প্রতারণার শিকার হয়েছেন এবং উদ্ধার হওয়া নথিপত্র কী কাজে ব্যবহার হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
