রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর্জেন্টিনা ও ব্রাজিলের দিকে আর কত দিন তাকিয়ে থাকতে হবে? বাংলাদেশের খেলোয়াড়দের আন্তর্জাতিক মানে গড়ে তুলতে হবে, যাতে বিশ্বমঞ্চে দেশের মর্যাদা অক্ষুণ্ন থাকে।
শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন আয়োজিত কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তরুণদের মাদক, হতাশা ও মুঠোফোনে আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি বলেন, তরুণ সমাজকে এসব নেতিবাচক প্রবণতা থেকে রক্ষা করতে খেলাধুলা ও খেলার মাঠের বিকল্প নেই। এ জন্য অবৈধ দখলে থাকা মাঠ উদ্ধার, বিদ্যমান মাঠ সংরক্ষণ এবং নতুন খেলার মাঠ চিহ্নিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
দেশে বিশ্বমানের অ্যাথলেট গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। তাঁর মতে, আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করতে হলে খেলোয়াড়দের দক্ষতা বাড়ানোর পাশাপাশি যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
একই অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, খেলাধুলাকে গুরুত্ব দিয়ে সরকার বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। এর অংশ হিসেবে ‘নতুন কুঁড়ি’সহ একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের অ্যাথলেট হিসেবে গড়ে তোলা হবে।
তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করে মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেও সরকার কাজ করছে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।
ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত এবারের প্রতিযোগিতায় ৫৭টি সংস্থার ৫৬৫ জন অ্যাথলেট অংশ নিচ্ছেন। প্রতিযোগিতায় পুরুষদের ২২টি ও নারীদের ১৮টিসহ মোট ৪০টি ইভেন্টে লড়বেন প্রতিযোগীরা।
এমএ
