সংবাদসংস্থা মুম্বই: আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...।
অযোধ্যায় নজরকাড়া ইয়ামি গৌতম
পবিত্র রাম জন্মভূমি অযোধ্যার রাম মন্দিরে পুজো দিতে গিয়ে হলুদ শাড়িতে সকলের নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। ঈশ্বরের প্রতি ভক্তি ভাবের সাথে অভিনেত্রীর সাজ এদিন এক আলাদা মাত্রা যোগ করেছিল। বলিউডের গ্ল্যামার ওয়ার্ল্ডের বাইরে বেরিয়ে অভিনেত্রী এদিন সাধারণ হয়েও ধরা দিয়েছিলেন অসাধারণ ভাবে। খুবই সাধারণ অথচ সাদামাটা সাজ এদিন তাঁর চেহারায় এনে দিয়েছিল এক বিশেষ আভিজাত্য।
ইয়ামি এদিন যে হলুদ রঙের শাড়িটি পড়েছিলেন সেই শাড়ি জুড়ে ছিল হালকা ফুলের নকশা এবং রঙিন পাড়। সঙ্গে পরেছিলেন মাল্টি কলারের কুন্দনের কানের দুল, নীল টিপ, চুড়ি এবং আংটি। খোলা চুল আর হালকা মেকআপ ইয়ামির সাজকে আরও স্নিগ্ধ করে তুলেছিল।
রোডিজ রিবার্থ’-এর প্রোমো
ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘রোডিজ’। বছরের পর বছর ধরে দর্শক মহলে এই শোয়ের জনপ্রিয়তা পৌঁছেছে তুঙ্গে। খুব তাড়াতাড়ি আসছে রোডিজের নতুন সিজন ‘রোডিজ রিবার্থ’। যা নিয়ে দর্শকমহলে উচ্ছাস রয়েছে চোখে পড়ার মতো।
১৬ অক্টোবর থেকে শুরু হওয়া এই শোয়ের প্রোমোয় দেখা গিয়েছে ব্যাপক ঝামেলার সাথে উত্তেজনাপূর্ণ মুহূর্ত। অভিনেত্রী নেহা ধুপিয়া হঠাৎ করে নিখিল চিনাপা ও প্রিন্স নারুলাকে ‘ধোকেবাজ’ বলতে শুরু করেন।
অন্যদিকে, বানি জে-র রাগও নজর কেড়েছে দর্শকদের। জানা যাচ্ছে এবারের প্রতিযোগিতা আরও বেশী আকর্ষণীয় হতে চলেছে। কারণ এবার পুরনো গ্যাং লিডারদের সঙ্গে নতুনদের মুখোমুখি লড়াই দেখানো হবে। যার ফলে প্রতিযোগীদের মধ্যে যে ঝগড়া-ঝামেলা থেকে শুরু করে একাধিক নাটকীয় পরিস্থিতি তৈরি হবে তা এক প্রকার নিশ্চিত।
অস্বস্তিতে অঞ্জলি অরোরা
একসময় বাংলার ‘কাঁচা বাদাম’ গানে ব্যাপক ভাইরাল হয়েছিল অঞ্জলি অরোরার নাচের ভিডিও। সেই ভিডিও থেকেই ধীরে ধীরে পরিচিতি পেতে শুরু করেছিলেন অঞ্জলি। আর এবার আরও একবার চর্চায় তিনি।
https://youtu.be/Gt-oz49uh6Y?si=LUcJNzxwF4IzKRBS
সম্প্রতি কানপুরের একটি ডান্ডিয়া অনুষ্ঠানের ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে আচমকা ওই অনুষ্ঠানে বাজছে, 'কাঁচা বাদাম' গান। আর তখনই অঞ্জলি মঞ্চ থেকে ডিজের দিকে চলে যায় এবং তাঁর সঙ্গে কথা বলতে শুরু করে। এই দৃশ্য দেখে নেটিজেনরা একহাত নিয়েছেন অঞ্জলীকে। বলা হচ্ছে যে গানের জন্য অঞ্জলি আজ এই জায়গায় এসে পৌঁছেছেন সেই ভিডিও দেখে এখন তিনি অসন্তুষ্ট হচ্ছেন।
অনেকেই আবার অঞ্জলিকে সমর্থন করেছেন। প্রসঙ্গত কদিন আগেই, ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’ ছবিতে সীতার চরিত্রে অভিনয় করা নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। আর এবার আরও একবার ভাইরাল ভিডিও ঘিরে চর্চায় রয়েছেন তিনি।
