প্রকাশিত: ১৫:১৮, ১৩ অক্টোবর ২০২৬
সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত জিতেশ চন্দ্র গোপকে (মাঝে) আদালত থেকে নিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা
সুনামগঞ্জে শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলার আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুল্লা মামলার রায় ঘোষণা করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন ।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুরে নিখোঁজ হন শাহনাজ পারভীন জোৎস্না। পরদিন ১৭ ফেব্রুয়ারি স্থানীয় একটি ফার্মেসির ভেতর থেকে তার মরদেহের ৬ টুকরা উদ্ধার করে পুলিশ।
মামলার এজাহার অনুযায়ী, জগন্নাথপুরের একটি ফার্মেসিতে যাওয়ার পর নিখোঁজ হন শাহনাজ। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে ওই ফার্মেসিতে গিয়ে তার মরদেহের ছয় টুকরা দেখতে পান। এ ঘটনায় নিহতের ভাই হেলাল আহমদ বাদী হয়ে জিতেশ চন্দ্র গোপসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে আজ আদালত প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড দেন।
