লোহাগাড়ায় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে জড়িয়ে ধরে তাঁর পোশাক ছিঁড়ে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ওই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সুরেশ পুলিশের হেফাজতে রয়েছেন।
বুধবার দুপুরে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাটকোলামুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম সুরেশ কান্তি দাশ (২৫)। তাঁর বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে।
স্থানীয় ইউপি সদস্য ওসমান গনি জানান, মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীর সঙ্গে অসদাচরণ করেন সুরেশ। একপর্যায়ে তাঁর পোশাক ছিঁড়ে ফেলার চেষ্টা করেন। ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে সুরেশকে আটক করেন। পরে তাঁকে রশি দিয়ে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়।
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ওই ছাত্রীকে জড়িয়ে ধরে পোশাক ছেঁড়ার অভিযোগে স্থানীয় লোকজন এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তাঁকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
The post মাদ্রাসাছাত্রীকে জড়িয়ে ধরে পোশাক ছেঁড়ার চেষ্টা, আটক যুবক appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
