বরিশালের বানারীপাড়ায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে অসুস্থ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের মজিদ মোল্লার ছেলে জামাল হোসেন এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চুন্নু মিয়ার ছেলে সোহাগ।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিয়াজ হোসেনের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে দুই শ্রমিক সেন্টারিংয়ের কাজ করছিলেন। এ সময় অক্সিজেনের অভাবে তারা অসুস্থ হয়ে পড়েন।
খবর পেয়ে বানারীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অসুস্থ দুই শ্রমিককে উদ্ধার করেন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জামাল ও সোহাগকে মৃত ঘোষণা করেন।
ওসি মজিবুর রহমান আরও জানান, এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি পাওয়া গেলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রেস ক্লাবের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।
এমএ
