পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আগামী পাঁচ বছরে সারাদেশে ৫০ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
বৃহস্পতিবার দুপুরে জামালপুরের বাগেরহাটা প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য ও বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ড. নিলোফার চৌধুরী মনি।
অনুষ্ঠানে ড. নিলোফার চৌধুরী মনি বলেন, বিগত সরকারের আমলে অনিয়ন্ত্রিতভাবে বৃক্ষনিধনের ফলে দেশে পরিবেশ ও আবহাওয়ার মারাত্মক অবক্ষয় ঘটেছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে হলে ব্যাপকভাবে বনায়নের কোনো বিকল্প নেই। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণের কথা তুলে ধরেন।
পরে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে চারা বিতরণ করেন এবং স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, জেলা শ্রমিকদলের সভাপতি শেখ আব্দুস সোবহানসহ বিএনপি, যুবদল, শ্রমিকদল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ।
