বলিউডের ‘সিরিয়াল কিসার’ থেকে অ্যাকশন হিরো হয়ে ওঠা ইমরান এবার শুটিং সেটে এক ভয়ঙ্কর দুর্ঘটনার থেকে বেঁচে ফিরলেন। তার আসন্ন অ্যাকশন থ্রিলার ‘গানমাস্টার জি ৯’-এর ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং চলাকালীন ঘটে এই ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া একটি বিহাইন্ড-দ্য-সিনস ভিডিও দেখার পর থেকে শিউরে উঠছেন ভক্তরা।
ফাঁস হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, শুটিং ফ্লোরে চরম ব্যস্ততার মধ্যে ক্রু মেম্বাররা একটি অত্যন্ত বিপজ্জনক স্টান্টের প্রস্তুতি নিচ্ছেন। কাউন্টডাউন শুরু হতেই একটি ক্রেন থেকে ঝোলানো বিশাল সাইজের একটি এসইউভি গাড়ি মাঝআকাশে শূন্যে উল্টে যায়। এরপর সোজা নীচে পার্ক করে রাখা একটি কালো ভ্যানের ছাদের ওপর সশব্দে আছড়ে পড়ে।
ভিডিওর সবচেয়ে আতঙ্কের বিষয় হল, যে স্থানে গাড়িটি ভেঙে পড়ে, তার একেবারে বিপজ্জনক ব্যবধানে দাঁড়িয়ে ছিলেন অভিনেতা ইমরান হাশমি! সামান্য একটু ভুলত্রুটি হলেই বড়সড় জীবনহানির ঘটনা ঘটতে পারত। তবে এটি চিত্রনাট্যের পূর্বপরিকল্পিত দৃশ্য ছিল না কি কারিগরি কোনও গোলমালের কারণে স্টান্টটি নিয়ন্ত্রণ হারিয়েছে—তা এখনও স্পষ্ট নয়।
সৌভাগ্যবশত, এই ঘটনায় ইমরান হাশমি বা সেটের অন্য কারও আহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি। তবে এ নিয়ে ছবির নির্মাতারা এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি এবং শুটিং ঠিক কোন জায়গায় হচ্ছিল তাও গোপন রাখা হয়েছে।
