ঢাকার সাভারের আশুলিয়ায় ৫২ কেজি গাঁজাসহ জামাল মিয়া ওরফে সেলিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন পিকআপ জব্দ করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে আশুলিয়ার কবিরপুর রেডিও কলোনি জামে মসজিদের সামনে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মো. সাইদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া গাঁজার চালানটি রাজধানী ও আশপাশের এলাকায় বিক্রি করার পরিকল্পনা ছিলো মাদক কারবারিদের। মাদক নির্মূলে ডিবি পুলিশ ইতোমধ্যে জিরো টলারেন্স ঘোষণা করেছে। যুব সমাজকে রক্ষায় মাদক নির্মূলে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। গ্রেপ্তার জামাল মিয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার বনগজ এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য সংক্রান্ত তিনটি ও চুরির একটি মামলা রয়েছে।
ঢাকা জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি পিকআপে করে গাঁজা নিয়ে চন্দ্রা থেকে বাইপাইলের দিকে আসছেন এক ব্যক্তি। পরে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি-উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। একপর্যায়ে কবিরপুর রেডিও কলোনি এলাকায় পিকআপটি থামিয়ে তল্লাশি করে ৫২ কেজি গাঁজা উদ্ধার এবং জামাল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে জব্দ করা পিকআপটি নীল রঙের পুরোনো ফোটন ব্র্যান্ডের। গাড়িটির কোনো রেজিস্ট্রেশন নম্বর ছিল না বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আগে থেকেই মাদক ও চুরির মামলা রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
