মানিকগঞ্জের ঘিওরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. আবদুর রশিদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের চঙ্গ শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আবদুর রশিদ ওই গ্রামের মৃত শেখ নৈমনুদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবদুর রশিদ দীর্ঘদিন ধরে পক্ষাঘাতজনিত রোগে ভুগছিলেন। রোববার সকালে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গেলে অসাবধানতাবশত পা পিছলে গভীর পানিতে পড়ে যান তিনি। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে খবর পেয়ে ঘিওর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। উদ্ধারকারী দলটির নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের লিডার শাহিন আলম।
ঘিওর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শাহিন আলম জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ সম্পন্ন করে।
এমএ
