রাজধানী ঢাকা থেকে পর্যটননগরী কক্সবাজার ভ্রমণ আরো সহজ করতে সোমবার থেকে চালু হচ্ছে ‘মহানগর এক্সপ্রেস’।
বিজ্ঞাপন
বর্তমানে ট্রেনটি শুধু চট্টগ্রাম-ঢাকা রুটে চলাচল করলেও এখন থেকে সার্ভিসটির যাত্রাপথ কক্সবাজার পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সার্ভিস চালুর ফলে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ মধ্যবর্তী স্টেশনগুলোর যাত্রীরা ট্রেন পরিবর্তন ছাড়াই সরাসরি কক্সবাজার যাতায়াতের সুবিধা পাবেন।
বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটন এক্সপ্রেস’ নামে দুটি ট্রেন সার্ভিস চালু রয়েছে। বিরতিহীন এই সার্ভিস দুটিতে কেবল চট্টগ্রাম ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি হয়। তবে নতুন ‘মহানগর এক্সপ্রেস’ সার্ভিসে ঢাকা থেকে কক্সবাজার রুটে অন্তত ১৪টি স্টেশনে যাত্রাবিরতি করবে।
বাংলাদেশ রেলওয়ে সূত্র বলছে, ঢাকা-কক্সবাজার রুটের ‘মহানগর এক্সপ্রেস’ সার্ভিসটি বাংলাদেশ রেলওয়ে নির্ধারিত নতুন রুট ও সময়সূচি অনুযায়ী চলাচল করবে। প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশন ছেড়ে রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে এবং পরদিন সকাল ৬টায় কক্সবাজার আইকনিক স্টেশনে পৌঁছাবে।
অপরদিকে ফিরতি পথে কক্সবাজার থেকে প্রতিদিন সকাল ৯টায় ছেড়ে দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দিয়ে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
তবে ট্রেনটি প্রতি রোববার সাপ্তাহিক ছুটির দিন বন্ধ থাকবে।
সূত্রমতে, ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনটিতে মোট ১৬টি কোচ থাকবে এবং মোট আসনসংখ্যা ৭০০ থেকে বাড়িয়ে ৭৩৬টিতে উন্নীত করা হয়েছে।
ভাড়ার তালিকা ও সিট ক্যাটাগরি
বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ সিটের ধরন ও রুট অনুযায়ী ভাড়া নির্ধারণ করেছে। এই রুটে সর্বনিম্ন ভাড়া (শোভন চেয়ার) ৬৮৫ টাকা এবং সর্বোচ্চ ভাড়া (এসি ক্যাটাগরি) ১,৫৭০ টাকা পর্যন্ত। তবে কক্সবাজার-চট্টগ্রাম অংশের জন্য সর্বনিম্ন ভাড়া ২৪০ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ৫৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনে থামবে। তবে বর্ধিত এই নতুন রুটে সীতাকুণ্ডের কুমিরা স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি বাতিল করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ঢাকা থেকে কক্সবাজার রুটে সরাসরি ট্রেন যোগাযোগ চালুর ফলে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীর অধিবাসীদের ভোগান্তি যেমন কমবে, তেমনি কক্সবাজারের হোটেল, রেস্তোরাঁ ও স্থানীয় ট্যুরিজম খাতে আয়ের নতুন সম্ভাবনা তৈরি হবে।
কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক মো. জয়নাল আবেদীন কক্সবাজার রুটে ‘মহানগর এক্সপ্রেস’ চালুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যাত্রীদের যাতায়াত আরো সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে বাংলাদেশ রেলওয়ে এই ‘মহানগর সার্ভিস’ চালু করছে। পাশাপাশি আগের মতোই ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটন এক্সপ্রেস’ এই রুটে নিয়মিত চলাচল করবে।
এমই
