রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় অনিয়মের অভিযোগ নতুন নয়। পর্যাপ্ত সরঞ্জাম ও সাফাইকর্মী থাকা সত্ত্বেও কেন অপরিচ্ছন্নতার ছবি প্রকাশ্যে আসছে, তা নিয়ে এ বার কড়া পদক্ষেপ করল স্বাস্থ্য দফতর। পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজের অপরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ ওঠার পরেই শুক্রবার দুপুর ১২টায় রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের নিয়ে জরুরি বৈঠক ডাকে স্বাস্থ্য ভবন। সেই বৈঠকেই হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখতে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়।
সম্প্রতি পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজের অপরিচ্ছন্নতার অভিযোগ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়কে ফোন করেন স্থানীয় বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে দেখা যায়, ওই হাসপাতালের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ অনুপস্থিত। এমনকি, অনুমতি ছাড়াই পাঁচ জন নন-মেডিক্যাল সুপার ছুটিতে রয়েছেন। অথচ, ওই হাসপাতালে ৩৬৪ জন সাফাইকর্মী ও ওয়ার্ডবয় রয়েছেন। মজুত রয়েছে সাফাইয়ের পর্যাপ্ত সরঞ্জামও। এর পরেই সংশ্লিষ্ট আধিকারিকদের শো কজ় করা হয়। তাঁদের ছ’ঘণ্টার মধ্যে কর্মস্থলে হাজির হয়ে হাসপাতাল পরিষ্কার করিয়ে তার ছবি স্বাস্থ্য ভবনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পুরুলিয়ার ঘটনার প্রেক্ষিতে শুক্রবারের জরুরি বৈঠকে অন্যান্য মেডিক্যাল কলেজের পরিচ্ছন্নতা নিয়েও কড়া বার্তা দেওয়া হয়। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বর্ধমান, কোচবিহার, মালদহ এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অপরিচ্ছন্নতা নিয়ে বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। পর্যাপ্ত সরঞ্জাম ও কর্মী দেওয়া সত্ত্বেও কেন হাসপাতালগুলিতে পরিচ্ছন্নতা বজায় রাখা যাচ্ছে না, তা নিয়ে এই চার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং নন-মেডিক্যাল ডেপুটি সুপারদের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করে স্বাস্থ্য দফতর। সামগ্রিক পরিচ্ছন্নতা পরিস্থিতি দ্রুত উন্নত করার নির্দেশ দেওয়া হয়েছে।
হাসপাতালগুলিকে পরিচ্ছন্ন রাখতে বৈঠকে বেশ কয়েকটি নির্দেশ দেওয়া হয়েছে:
১. হাসপাতালের শৌচাগার, বিভিন্ন ওয়ার্ড এবং করিডর দিনে অন্তত তিন বার পরিষ্কার করতে হবে।
২. হাসপাতাল ঠিকমতো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে নন-মেডিক্যাল ডেপুটি সুপারদের আচমকা পরিদর্শন বা ‘সারপ্রাইজ় ভিজ়িট’ করতে হবে।
৩. এই পরিদর্শনের ভিত্তিতে হাসপাতালের পরিচ্ছন্নতা সংক্রান্ত রিপোর্ট উপাধ্যক্ষদের কাছে জমা দেবেন নন-মেডিক্যাল ডেপুটি সুপারেরা। সেই সঙ্গে, হাসপাতাল পরিচ্ছন্ন রাখার দায়ও বর্তাবে নন-মেডিক্যাল ডেপুটি সুপারদের উপরেই।
সাফাইয়ের দায়িত্বে থাকা এজেন্সিগুলির জন্যও কড়া হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্য দফতর। জানানো হয়েছে, নন-মেডিক্যাল ডেপুটি সুপারদের ‘সারপ্রাইজ় ভিজ়িট’-এ সাফাইকর্মীদের কাজে কোনও গাফিলতি ধরা পড়লে প্রথমে সংশ্লিষ্ট এজেন্সিকে শো কজ় করা হবে। জবাবে সন্তোষজনক উত্তর না মিললে এবং পরপর তিন বার শো কজ় করা হলে, সংশ্লিষ্ট সাফাই এজেন্সির টেন্ডার বাতিল করার মতো চরম পদক্ষেপও করা হতে পারে।
