ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বোলিংয়ে জিম্বাবুয়েকে চাপে রাখলেও ব্যাট হাতে বাজে পারফরম্যান্স করেছে বাংলাদেশ দল। প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটাররা খেলতে পারেননি বলেই হারতে হয়েছে। দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে কথা বলেছেন তানজিদ হাসান তামিমও।
তামিম বলেন, ‘আমরা আমাদের ব্যাটিং বিভাগে দায়িত্ব নিতে পারিনি। উইকেট যথেষ্ট ভালো ছিল। আমার কাছে মনে হয়েছে, এই রান তাড়া করার মতো ছিল। যতক্ষণ ব্যাটিং করেছি, ততক্ষণ আমার কাছে খুব ভালো লাগছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আউট হয়ে গিয়েছি। তবে আমাদের সবারই দায়িত্ব নেওয়া উচিত বলে আমার মনে হয়।’
আগামী ম্যাচগুলোতে দলের ব্যাটিং ইউনিটকে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দিয়েছেন তামিম। তিনি বলেন, ‘সামনে আরও অনেক ম্যাচে এমন পরিস্থিতি আসবে। তখন আমার দায়িত্ব থাকবে, কীভাবে আরও দায়িত্ব নিয়ে ২০-২৫ ওভার ব্যাটিং করে ইনিংস বড় করা যায় এবং দলকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া যায়।’
