মাত্র আট মাসের মধ্যে বিএনপি সরকার জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। একটি রাষ্ট্র পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে না পারলে আধুনিক রাষ্ট্র হতে পারে না।
মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দুই সপ্তাহ আগে একটি অনুষ্ঠানে তিনি এখানে এসেছিলেন। তখন পূজা কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছিলেন। এরপর থেকে যে উৎসব দেখেছেন, তা আগে কখনো দেখেননি। এবারের উৎসবে শুধু সনাতন ধর্মাবলম্বীরাই নন, চট্টগ্রাম নগরী ও সারা বাংলাদেশ থেকে রাজনৈতিক নেতা, সমাজকর্মী, পেশাজীবী এবং স্থানীয় লোকজন অংশ নিয়েছেন।
তিনি বলেন, সবার অংশগ্রহণে এই উদ্যোগ জাতীয়ভাবে একটি মিলনমেলায় পরিণত হয়েছে। এই মিলনমেলায় সবাই যার যার মতো করে অংশ নিয়েছেন। এটি একটি ঐক্যবদ্ধ প্রয়াস।
অর্থমন্ত্রী বলেন, এর পেছনে কারণ হলো সমাজ ও রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। বিগত নির্বাচনের পর দেশের সমাজ ও রাষ্ট্রে এই পরিবর্তন লক্ষণীয়। প্রধানমন্ত্রী বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, তার মূল লক্ষ্য হলো পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে কাজ করা।
তিনি আরও বলেন, বিভিন্ন সময় বাংলাদেশে আধুনিক রাষ্ট্রের চর্চা তো দূরের কথা, মানুষের জীবন বিপন্ন হয়েছে। ব্যবসা-বাণিজ্য বিপর্যস্ত হয়েছে, মানুষের জীবনের সুরক্ষা ছিল না এবং ভিন্নমতের কোনো সুযোগ ছিল না। এমন পরিস্থিতিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আজকের পূজায় তিনি ভিন্নতা দেখতে পাচ্ছেন। এবার সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে উৎসবে অংশ নিয়েছেন। এই অংশগ্রহণ জাতীয় ঐক্যেরই প্রতিফলন।
আরএমএন/বিআরইউ
