চাকরিপ্রার্থীদের আন্দোলনের জেরে এ বার সরকারি চাকরির নিয়োগ সংস্থা সংস্কারের সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার। সে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন (এমপিএসসি)-এর সংস্কারের জন্য কমিটি গঠনের কথা ঘোষণা করা হয়েছে। দেবেন্দ্র ফড়নবীসের সরকার ওই কমিটির সচিব পদে বসিয়েছে সে রাজ্যের বহুল আলোচিত আমলা সেই তুকারাম মুন্ডেকে। সরকারের এই ঘোষণার পর ১০ দিন ধরে চলা আন্দোলনে ইতি টেনেছেন বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা।
তুকারাম বর্তমানে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) কমিশনার পদে রয়েছেন। মহারাষ্ট্রে একের পর এক হোটেল, রেস্তরাঁ, খাবারের দোকান-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বার বার সংবাদ শিরোনামে উঠে এসেছেন এই আইএএস অফিসার। খাদ্য সুরক্ষাবিধি লঙ্ঘন করার অভিযোগে পদক্ষেপ করেছেন মহারাষ্ট্রের বিভিন্ন অভিজাত হোটেলের বিরুদ্ধেও। ‘আপসহীন’ পথে কাজ করার বার্তা দেওয়া এই আমলা সাম্প্রতিক অতীতে বিভিন্ন ক্ষেত্রে আলোচিত এবং সমালোচিত হয়েছেন। এ বার এমপিএসসি-র সংস্কার কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হল সেই তুকারামকে।
পাঁচ সদস্যের এই কমিটির সচিব করা হয়েছে তুকারামকে। চেয়ারম্যান হিসেবে থাকছেন অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ ভোসলে। এ ছাড়াও কমিটিতে থাকছেন আইপিএস লক্ষ্মী গৌতম, প্রাক্তন আমলা গণেশ পাটিল এবং অবসরপ্রাপ্ত বিচারপতি পিডি নায়েক।
মহারাষ্ট্রের পাবলিক সার্ভিস কমিশনের আয়োজিত পরীক্ষায় অব্যবস্থা এবং প্রশ্নফাঁসের অভিযোগ তুলে গত ১০ দিন ধরে আন্দোলন চলে আসছিল পুণেতে। সেখানে এসএম জোশী সেতুর কাছে বিক্ষোভ দেখাচ্ছিলেন চাকরিপ্রার্থীরা। তাঁদের মূল দাবি এমপিএসসি-র চেয়ারম্যানের পদ থেকে সরাতে হবে বিবেক ভীমনওয়ারকে। নিয়োগ সংস্থায় সংস্কারেরও দাবি জানান তাঁরা। এরই মধ্যে রবিবার বিক্ষোভস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন সে রাজ্যের মন্ত্রী শিবেন্দ্ররাজে ভোসলে। এর পরেই এমপিএসসি-তে সংস্কারের জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। আরও পরে কমিশনের বর্তমান চেয়ারম্যান বিবেক নিজেই জানিয়ে দেন, তদন্ত শেষ না-হওয়া পর্যন্ত তিনি ছুটিতে যাচ্ছেন। এ অবস্থায় আন্দোলনের পথ থেকে আপাতত সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা।
