কণ্ঠশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় মামলা হয়েছে। যদিও ঘটনার এক দিন পরও গুলি করা ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সেগুলো বিশ্লেষণ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
শনিবার (২৪ অক্টোবর) রাতে আসিফ আকবর নিজে বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে অফিসকক্ষে অবস্থানকালে নিচ থেকে বিকট শব্দ শুনতে পান আসিফ আকবর। পরে পার্কিংয়ে গিয়ে নিজের গাড়ির পেছনের ডান পাশের দরজার কাচ ভাঙা দেখতে পান তিনি। এরপর অফিসে ফিরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করেন।
এজাহারে বলা হয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা যায়, মগবাজার থেকে ওয়্যারলেসগামী ফ্লাইওভারের নিচের সড়ক দিয়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে এক ব্যক্তি বিশাল সেন্টারের গাড়ি পার্কিংয়ে যান। সেখানে তিনি আসিফ আকবরের গাড়ির পেছনের ডান পাশের দরজার কাচ লক্ষ্য করে গুলি করেন। পরে ওই ব্যক্তি অটোরিকশায় করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঘটনাটি পুলিশকে জানানোর পর হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলির একটি অংশবিশেষ উদ্ধার করে। গাড়ির কাচ ভেঙে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করেছেন আসিফ আকবর।
গুলি করা ব্যক্তিকে শনাক্ত করা গেছে কি না, জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে জানান, ঘটনাস্থল ও আশপাশের বিভিন্ন ভবন ও স্থান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে। তবে এখনো উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।
