নওগাঁর আত্রাইয়ে এক ব্যবসায়ীকে পথরোধ করে ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয়দের সহায়তায় একজনকে আটক করে পুলিশে দেওয়া হয়। পরে পুলিশের অভিযানে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে গতকাল সোমবার আদালতে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা আত্রাই থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, উপজেলার বিপ্রবোয়ালিয়া গ্রামের জসিম উদ্দীনের ছেলে আব্দুর রকিব প্রামাণিক (৪৫) বিপ্রবোয়ালিয়া বাজারে মুদি ও ফ্লেক্সিলোডের ব্যবসা করেন।
গত ২৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে ব্যবসাপ্রতিষ্ঠানের কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন রকিব প্রামাণিক। পথে পবনডাঙ্গা এলাকায় পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তাঁর পথরোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় রকিব প্রামাণিক বাদী হয়ে রোববার আত্রাই থানায় মামলা করেন।
পরে স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিপ্রবোয়ালিয়া গ্রামের গণেশ চন্দ্রের ছেলে সুশান্ত কুমার (২৫) কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। একই দিন রাতে পুলিশের অভিযানে ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে রুহুল আমিন (২১) কে গ্রেপ্তার করা হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, গ্রেপ্তার দুজনকে গতকাল সোমবার আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
The post আত্রাইয়ে ব্যবসায়ীকে পথরোধ করে ছিনতাই চেষ্টার ঘটনায় গ্রেফতার ২ appeared first on ভোরের চেতনা.
