কালবেলা · খেলাধুলা
বিমানবন্দরেই বিশ্ব ফুটবলের শীর্ষ কর্তার সঙ্গে বাফুফের বৈঠক
১৮/১০/২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি ও চার সহ-সভাপতি।
ভুটান সফরে যাওয়ার পথে আজ রোববার ঢাকায় যাত্রাবিরতি করেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার (ফিফা) সভাপতি। আর বিমানবন্দরেই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার শীর্ষ কর্তার সঙ্গে ঘণ্টাব্যাপী আলোচনায় বাংলাদেশের ফুটবলের বিভিন্ন বিষয় তুলে ধরেন বাফুফে কর্মকর্তারা।
বাফুফে সহসভাপতি ও গর্ভমেন্ট রিলেশন্স কমিটির চেয়ারম্যান ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপি জানান, ‘সভাপতি ও আমরা সবাই বাংলাদেশের ফুটবলের নানা বিষয় তুলে ধরেছি। কক্সবাজারে ফিফার অর্থায়নে ট্যাকনিক্যাল সেন্টার নির্মাণের বিষয়টি তাকে অবহিত করা হয়েছে। প্রয়োজনে ফিফার আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়ে দেয়ার ব্যাপারে প্রাথমিক আশ্বাসও দিয়েছেন।’
দুপুর ২টা পঞ্চাশ মিনিটে থিম্পুর উদ্দেশ্যে রওনা হন ইনফান্তিনো। ভূটানে দুদিন থাকবেন তিনি। ২০ তারিখ ফেরার পথেও বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। ঐ সময় অবশ্য বাফুফে কর্মকর্তারা জাপানে এএফসি বিশেষ কংগ্রেসে থাকবেন।
এর আগে ২০১৭ সালে একদিনের সফরে ঢাকায় এসেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
মূল প্রতিবেদনে যান ↗