পাটগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৬১ বিজিবির অধিনায়ক
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি ধরলা বিওপি ও খারিজা বিওপির আওতাধীন ২টি আসন্ন শারদীয় পূজামণ্ডপ পরিদর্শন করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুই বিওপির ক্যাম্প কমান্ডারদের সমন্বয়ে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহীনুল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ৬১ বিজিবির অধিনায়ক পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং স্থানীয় সাধারণ মানুষের সাথে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতবিনিময় করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করেন এবং বিজিবির পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা বজায় রাখার আশ্বাস দেন।
পাশাপাশি পূজাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য সীমান্তবর্তী এলাকাগুলোতে বিশেষ নজরদারি বাড়িয়েছে ৬১ বিজিবি। পরিদর্শন শেষে বিজিবি অধিনায়ক উপস্থিত গণমাধ্যমকর্মীদের সাথে প্রেস ব্রিফিং করেন এবং সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
