কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকসে আবারও দেশের দ্রুততম মানব ও মানবী হয়েছেন ইমরানুর রহমান ও শিরিন আক্তার। শুক্রবার (২৩ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ১০০ মিটার স্প্রিন্টে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখেন তাঁরা।
পুরুষদের ১০০ মিটার দৌড় ১০.৫৩ সেকেন্ডে শেষ করে প্রথম হন ইমরানুর রহমান। একই ইভেন্টে ১০.৬৭ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন নৌবাহিনীর মোহাম্মদ ইসমাইল। সেনাবাহিনীর তারেক রহমান ১০.৭৩ সেকেন্ডে দৌড় শেষ করে তৃতীয় স্থান অর্জন করেন।
নারীদের ১০০ মিটার দৌড়ে ১২.০৮ সেকেন্ড সময় নিয়ে শীর্ষস্থান দখল করেন শিরিন আক্তার। সেনাবাহিনীর শরীফা খাতুন ১২.২৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় এবং নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান ১২.৩৩ সেকেন্ডে দৌড় শেষ করে তৃতীয় হন।
জয়ের পর শিরিন বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে প্রথম হয়ে ভালো লাগছে।’ তাঁর আশা, এই সাফল্য আসন্ন সাফ প্রতিযোগিতার প্রস্তুতিতেও অনুপ্রেরণা জোগাবে।
অন্যদিকে, অ্যাথলেটদের সুযোগ-সুবিধা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন ইমরানুর রহমান। সংশ্লিষ্টদের প্রত্যাশা, মানসম্মত আবাসন, পুষ্টিকর খাবার ও উন্নত যাতায়াতব্যবস্থা নিশ্চিত করা গেলে অ্যাথলেটদের অংশগ্রহণ বাড়বে। পাশাপাশি নতুন প্রতিভা উঠে আসার পথও সুগম হবে।
