গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চান্দরা (রেলক্রসিং) এলাকায় অবস্থিত শ্রীশ্রী কালি ও দুর্গা মন্দির প্রাঙ্গণে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। শ্রীশ্রী পূজা উদযাপন পরিষদের আয়োজনে এই উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে উঠেছে।
শনিবার পূজামণ্ডপ পরিদর্শনে এসে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, “প্রথম দিকে বিভিন্ন গোষ্ঠীর কিছু অপচেষ্টা ছিল। তবে সাধারণ মানুষের উৎসবের আমেজ, সবার ঐকান্তিক প্রচেষ্টা এবং সব বাহিনী ও প্রশাসনের মধ্যকার চমৎকার সমন্বয়ের কারণে সব নেতিবাচক পরিস্থিতি কাটিয়ে আমাদের এই আয়োজন অত্যন্ত সুন্দর ও সাবলীলভাবেই পরিচালিত হচ্ছে।”
তিনি আরও বলেন, “আমাদের এবারের প্রস্তুতি অত্যন্ত সুন্দর ও কঠোর। এখানে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেকোনো পরিস্থিতি অত্যন্ত ধৈর্যের সাথে মোকাবিলা করেছেন এবং সুরক্ষা অ্যাপসের মাধ্যমে সর্বোচ্চ ব্যবস্থাপনা নিশ্চিত করেছেন। যেসব বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তা সঙ্গে সঙ্গেই সমাধান করা হয়েছে। এমনকি মণ্ডপের বাইরে অনেক সময় বিভিন্ন অপরাধী চক্র বা কিশোর গ্যাংয়ের তৎপরতা থাকে, যেমনটি যশোরে দু-একটি ঘটনা ঘটেছে। তবে সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার কারণে সেসব ঘটনা এই উৎসবের আনন্দ কোনোভাবেই বিঘ্নিত করতে পারেনি।”
আরও পড়ুন
আমির হামজার মাহফিল, রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে স্মারকলিপি!

সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “সামগ্রিকভাবে এই প্রান্তিক এলাকায় এসে সাধারণ মানুষের মধ্যে যে উৎসবের আমেজ দেখতে পেলাম, তা থেকেই বোঝা যায় যে পুরো দেশব্যাপী আমরা কত সুন্দরভাবে এই উৎসবটি পরিচালনা করছি।”
উৎসবকে কেন্দ্র করে কালিয়াকৈরের এই পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের ব্যাপক সমাগম লক্ষ্য করা গেছে।
