কালবেলা · সাধারণ
কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ১৭
২৪/১০/২০২৬

কুমিল্লা নগরীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় রাতভর অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার জুমার নামাজ চলাকালে মিছিল বের করার পর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হয়। পরে জেলা গোয়েন্দা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে মিছিলে নেতৃত্বদানকারী কাইয়ুমও রয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক কাইয়ুম কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জাকির হোসেনের ছেলে। বাকি ১৬ জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজ চলাকালে নগরীর নুরপুর-তেলিকোনা সড়কে ঝটিকা মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের পর ঘটনাস্থলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এতে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরে তাদের গ্রেপ্তারে অভিযান চালায় ডিবি ও কোতোয়ালি মডেল থানা পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার জানান, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযানে কোতোয়ালি থানা পুলিশ ১৫ জনকে এবং জেলা গোয়েন্দা পুলিশ দুজনকে আটক করে। মোট আটক ১৭ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে শনিবার (২৪ অক্টোবর) দুপুরে আদালতে পাঠানো হয়।
মূল প্রতিবেদনে যান ↗