অনলাইন ডেস্ক
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, লঘুচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম ও খুলনা বিভাগের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি থেকে তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তাই মেঘের গর্জন শোনা গেলে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, বৃষ্টির পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সক্রিয় বৃষ্টিবলয়ের প্রভাব কিছুটা কমে যাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের কিছু এলাকায় তাপমাত্রা মৃদু তাপপ্রবাহের কাছাকাছি পৌঁছাতে পারে।
এদিকে চট্টগ্রাম উপকূলসংলগ্ন সাগর উত্তাল থাকায় মাছ ধরার নৌযান ও ট্রলারগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানিয়েছে বিডব্লিউওটি।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে হাতিয়ায়। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নারায়ণগঞ্জে ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
