The Sangbad · সাধারণ
নাটোর দুর্ঘটনায় নিহতদের ১২ জনের পরিচয় শনাক্ত
২০/১০/২০২৬

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি কেটেছে। স্থানীয় প্রশাসনের তথ্য হালনাগাদ অনুযায়ী এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১৪। নিহত ব্যক্তিদের মধ্যে ১২ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি নাটোর জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানানো হয়েছে।মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার সরকারপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরগুনা থেকে রাজশাহীগামী ‘আরপি পরিবহন’–এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জন মারা যান। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।শনাক্ত হওয়া নিহত ব্যক্তিরা হলেন–রাজশাহীর গোদাগাড়ীর মো. সোহেল রানা, বাগমারার মো. আনোয়ার হক; পটুয়াখালীর মির্জাগঞ্জের তাসফিয়া ও তার বাবা শহিদুল ইসলাম; শরীয়তপুরের জাজিরার মো. জুয়েল মাতবর, সোহাগ, সাহা লাল, মো. শাহিন ও মো. আব্দুস সামাদ; ঝিনাইদহ সদরের মো. আবু কালাম; নওগাঁর সাপাহারের রাসেল এবং ফরিদপুর সদরের হিমেশ জমাদার।দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায়ক করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক সুমনী আক্তার। কমিটি সরেজমিন তদন্ত শেষে দ্রুত প্রতিবেদন জমা দেবে।জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, প্রধানমন্ত্রীর দেওয়া এক লাখ টাকার অনুদানের পাশাপাশি স্থানীয়ভাবে সব ধরণের আইনি ও মানবিক সহায়তা দেওয়া হচ্ছে।আজ সকালে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, জেলা প্রশাসক সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এবং বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস।উল্লেখ্য, ঠিক ১২ বছর আগে ২০১৪ সালের ২০ অক্টোবর বড়াইগ্রামের রেজুর মোড়ে এক স্মরণকালের বাস দুর্ঘটনায় ৩৮ জন নিহত হয়েছিলেন। এক দশক পর একই তারিখে আবারও একই উপজেলায় এমন রক্তক্ষয়ী দুর্ঘটনায় মহাসড়কের সার্বিক নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗