নবনির্বাচিত কমিটির সদস্যদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ডাক বিভাগ দেশের একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠান। আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে ডাকসেবাকে আরো গতিশীল, মানসম্মত ও জনবান্ধব করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে জনগণের দোরগোড়ায় দ্রুত ও নির্ভরযোগ্য সেবা পৌঁছে দিতে সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামকে তার আইসিটি বিভাগের অফিসকক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিসিএস (পোস্টাল) অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সদস্যরা। সৌজন্য সাক্ষাতের সময় তারা ডাক বিভাগের উন্নয়ন ও আধুনিকায়ন নিয়ে মন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন।
আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নবনির্বাচিত কমিটির সদস্যদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ডাক বিভাগ দেশের একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠান। আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে ডাকসেবাকে আরো গতিশীল, মানসম্মত ও জনবান্ধব করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে জনগণের দোরগোড়ায় দ্রুত ও নির্ভরযোগ্য সেবা পৌঁছে দিতে সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।
মন্ত্রী আরো বলেন, ডাক বিভাগের উন্নয়ন ও সেবার মানোন্নয়নে কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারত্ব, দক্ষতা ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবনির্বাচিত কমিটি ডাক বিভাগের সর্বাঙ্গীন উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অ্যাসোসিয়েশনের নেতারা জানান, ডাক বিভাগের আধুনিকায়ন, সেবার মানোন্নয়ন এবং কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে নবনির্বাচিত কমিটি সক্রিয়ভাবে কাজ করে যাবে। এ লক্ষ্য অর্জনে তারা ডাক বিভাগের উন্নয়নে মন্ত্রীর সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
সৌজন্য সাক্ষাতের এ সময় ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামসহ নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।—সংবাদ বিজ্ঞপ্তি
