বগুড়ার আদমদীঘির সান্তাহার সরকারি কলেজের এক এইচএসসি (দ্বিতীয় বর্ষ) ছাত্রীকে শ্লীলতাহানির হুমকি, সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও মানহানিকর প্রচারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত সোমবার (১২ অক্টোবর) দুপুরে অভিযুক্ত মাহবুব, অন্তর, ছন্দাসহ ৫ জনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সান্তাহার পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ছাত্রী নিজেই।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে কতিপয় যুবক উত্যক্ত, ইভটিজিং ও মানসিকভাবে হেয় প্রতিপন্ন করে আসছিল। এর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ, অশালীন ও ভিত্তিহীন পোস্ট, মন্তব্য ছড়িয়ে সামাজিকভাবে হেয় করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ২৪ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে সান্তাহার সরকারি কলেজ প্রাঙ্গণে অভিযুক্তরা ওই ছাত্রীর পথরোধ করে প্রকাশ্যে ও গোপনে শ্লীলতাহানির হুমকি দেয় এবং ভয়ভীতি দেখায়। অভিযোগকারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্তরা ইতিপূর্বেও কলেজের একাধিক ছাত্রীকে এভাবে হেনস্থা ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা গণস্বাক্ষর জমা দিতে এবং তদন্তকারী কর্তৃপক্ষের সামনে স্বশরীরে উপস্থিত হয়ে সাক্ষ্য দিতে প্রস্তুত বলে জানা গেছে।
সংবাদ মাধ্যমকে ভুক্তভোগী ছাত্রী জানান, লাগাতার উত্যক্ত ও হুমকির কারণে তিনি চরম সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন।
তবে মূল অভিযুক্ত মাহবুব সব অভিযোগ অস্বীকার করে বলেন, "আমার বিরুদ্ধে করা অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই অপপ্রচার ও অভিযোগ দায়ের করা হয়েছে।"
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সিয়াম হোসেন জানান, "লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টির সত্যতা খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আজকালের খবর/কাওছার আল হাবীব
