খুলনাঞ্চল রিপোর্ট।।
যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ১৬ দিন পর জামালপুরের যমুনা সার কারখানায় আবার ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে কারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন।
কারখানা সূত্রে জানা গেছে, গ্যাস সংকটের কারণে দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর গত ২০ সেপ্টেম্বর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু হয়। ৬ অক্টোবর গভীর রাতে ইউরিয়া সার উৎপাদন শুরু করা হয়। তবে, যান্ত্রিক ত্রুটির কারণে ৮ অক্টোবর আবার উৎপাদন বন্ধ হয়ে যায়। অবশেষে ত্রুটি মেরামত শেষে শুক্রবার সকাল থেকে কারখানায় সার উৎপাদন চলছে।
এ কারখানায় প্রতিদিন ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের সক্ষমতা রয়েছে। বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) তালিকাভুক্ত ১ হাজার ৯০০ ডিলারের মাধ্যমে কারখানাটি জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ উত্তরাঞ্চলের ১৯টি জেলায় সার সরবরাহ করে থাকে।
যমুনা সার কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেছেন, “কারখানায় সার উৎপাদন শুরু হয়েছে। আশা করছি, কোনো যান্ত্রিক ত্রুটি দেখা না দিলে উৎপাদন অব্যাহত থাকবে।”
