দুর্গাপূজার নিরাপত্তায় শ্রীমঙ্গল সেক্টরে বিজিবির ৩৪ প্লাটুন মোতায়েন, নজরদারিতে ড্রোন
- রবিবার ১৮ অক্টোবর, ২০২৬ / ১৩ জন দেখেছে

মৌলভীবাজার প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সীমান্ত সুরক্ষার পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শ্রীমঙ্গল সেক্টর। শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন নিশ্চিত করতে সেক্টরের আওতাধীন তিনটি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মোট ৩৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানে অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।
বিজিবি সূত্রে জানা যায়, উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল রিজিয়নের আওতাধীন শ্রীমঙ্গল সেক্টরের ৩৩১ দশমিক ৭ কিলোমিটার সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় শনিবার (১৭ অক্টোবর) শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বিএম তৌহিদ হাসান, এএফডব্লিউসি, পিএসসি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত ঘিলাতলী জগন্নাথ দেবের আখড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান, বিজিওএম উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সেক্টর কমান্ডার পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের প্রস্তুতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় পূজামণ্ডপের সভাপতির হাতে বিজিবির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন তিনি।
সেক্টর কমান্ডার কর্নেল বিএম তৌহিদ হাসান জানান, শ্রীমঙ্গল সেক্টরের আওতাধীন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি), বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এবং হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত ২০৬টি এবং ইউনিট সদর দপ্তর থেকে তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত ৩১টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। সব মিলিয়ে ২৩৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করছে বিজিবি।
তিনি আরও জানান, গত ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোতায়েন করা বিজিবি সদস্যরা সীমান্ত সুরক্ষার নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করছেন। নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন স্থানে একাধিক অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে নজরদারি চালানো হচ্ছে।
পূজামণ্ডপের নিরাপত্তার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
সেক্টর কমান্ডার বলেন, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা, জনগণের সহযোগিতা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে গুজব ও অপপ্রচারে কান না দেওয়ার এবং যাচাই না করে কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানান। পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প অথবা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে অনুরোধ করেন।
মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের বিষয়ে সেক্টর কমান্ডার জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দিন-রাত অভিযান পরিচালনা করা হচ্ছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত শ্রীমঙ্গল সেক্টরের আওতাধীন তিনটি ব্যাটালিয়নের অভিযানে ৮৭ কোটি ২৩ লাখ ৯৮ হাজার ১১৪ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, গাঁজা ও অন্যান্য অবৈধ মালামাল আটক করা হয়েছে। এসব অভিযানে মোট ৭৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
দুর্গাপূজা ঘিরে সীমান্তবর্তী এলাকাসহ দায়িত্বপূর্ণ অঞ্চলে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

